বিনোদন

শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে ‘হাইজ্যাক’ করবেন না: সালমান খান

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। একই সঙ্গে আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার বা ‘হাইজ্যাক’ না করার আহ্বানও জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে ৬০ বছর বয়সী এই অভিনেতা বলেন, প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর একটি সমস্যা। এটি মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত একটি বিষয়। তাই এ আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়। আন্দোলনের সব কৃতিত্ব দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদের ‘সাহসী’ উল্লেখ করে সালমান খান আশা প্রকাশ করেন, সরকার তাদের পাশে দাঁড়াবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে।

পাশাপাশি তিনি প্রত্যাশা করেন, ভারতের শিক্ষা ব্যবস্থা এমন মানে উন্নীত হবে, যাতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ভারতে আসতে আগ্রহী হয়।

এদিকে রাজধানী দিল্লিতে ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে চলমান এ আন্দোলনে ইতোমধ্যে একাধিক ভারতীয় তারকা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। সালমান খানের আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আহ্বান জানান।

 

এআর/ এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন