আন্তর্জাতিক

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিতে পরীক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সোমবারের ঘটনাকে তিনি শিক্ষার্থীদের প্রতি ‘নির্মম আচরণ’ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী।

তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ বলপ্রয়োগ করলেও প্রধানমন্ত্রী এখনো এ বিষয়ে কোনো বক্তব্য দেননি বা শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেননি।

তার মতে, প্রধানমন্ত্রীর অবিলম্বে এ বিষয়ে মুখ খোলা উচিত এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের পুলিশি অভিযান বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

সংসদের অধিবেশন শুরুর আগে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোটের সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করেন। সেখানে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা এবং পরীক্ষা ব্যবস্থা নিয়ে সৃষ্ট সংকটের বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো সহিংসতা এবং পরীক্ষা-সংক্রান্ত সংকটে সরকারের জবাবদিহিতার অভাব—দুই বিষয়ই সংসদে পূর্ণাঙ্গভাবে আলোচনা হওয়া প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, নিজেদের ভবিষ্যৎ রক্ষায় ন্যায্য দাবি জানানো শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে যদি সংসদে আলোচনা না হয়, তাহলে সংসদের উদ্দেশ্য কী।

ঘটনার নিন্দা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।

তিনিও সংসদে এ বিষয়ে আলোচনার দাবি জানিয়ে বলেন, ন্যায়বিচারের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের বিরুদ্ধে কেন লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হলো, তার জবাব সরকারকে দিতে হবে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের ভোগান্তির দায় স্বীকার করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, নির্ভুল, স্বচ্ছ ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার সংসদ ভবনের উদ্দেশে হাজারো শিক্ষার্থীর মিছিলকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে শতাধিক পুলিশ সদস্যসহ অন্তত ষাটজনের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে বিরোধী দলগুলো জানিয়েছে, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিষয়টি তারা কোনোভাবেই চাপা পড়তে দেবে না। সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই তারা এ ইস্যুতে আন্দোলন চালিয়ে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন