গণভোটের একটা অংশে আমাদের সঙ্গে কোন আলোচনাই হয়নি : মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে গণভোটের কথা বলা হচ্ছে, সেই গণভোটের একটা অংশে আমাদের সঙ্গে কোন আলোচনাই হয়নি। আমরা বারবার বলতে চাইছি যে, উচ্চকক্ষে অনুপাতিক হারে ভোটে যে প্রতিনিধিত্ব হবে সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি এবং সে সময়ে স্টেটমেন্ট দিয়েছিলাম আমি নিজেই যে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। সেই সংস্কার কমিশন-রিফর্ম কমিশন তারা যে কথাগুলো সেদিন যেভাবে নিয়ে এসছেন আমাদের কনসেন্ট ছাড়া তারা নিয়ে আসছেন।
শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দল থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফায়সালা হবে। জনগণেকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্ন তোলা হচ্ছে। যে সব দল আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা সবাই স্বাক্ষর করেছে।
তিনি বলেন, ‘আমরা বারবার করে বলছি জুলাই সনদে প্রতিটি অক্ষর বাস্তবায়িত করবো। এটাতে আমরা অঙ্গীকারবদ্ধ’।
তিনি আরও বলেন, ‘‘এখন যে বিষয়গুলো নিয়ে তাদের কথা, সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন। আমরা বরাবরই বলে এসছি, সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি।”
আই/এ