নিজের জন্মস্থান ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দুই দিনের সফরে নিজের জন্মস্থান ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তিনি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে এসে পৌঁছান।
স্টেডিয়ামে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা। এরপর দুপুর ১টার দিকে সার্কিট হাউসে পৌঁছালে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সফরের শুরুতেই পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করার কথা রয়েছে তার। এরপর নিজ বাসভবন কালিবাড়িতে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাতে নিজ বাসভবনেই গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও সময় কাটাবেন।
সফরের দ্বিতীয় ও শেষ দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।
এরপর দেড়টার দিকে নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রাম নেবেন তিনি। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করে ঠাকুরগাঁও স্টেডিয়ামের হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় তিন স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটাই তার প্রথম সফর।
আর/আই