জাতীয়

সাইবার ক্রাইম মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নেই : আইজিপি

আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অপরাধের ধরন, বিশেষ করে সাইবার ক্রাইম মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নেইসাইবার অপরাধ ফিশিং, অনলাইন জুয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মত অপরাধ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় নতুন প্রযুক্তির বিষয়ে আপডেট থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ফরেন্সিকের মত আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। তিনি ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বদা সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, তাঁদের সন্তানরা আজ থেকে রাষ্ট্রসেবার এক গৌরবময় দায়িত্ব পালনের সুযোগ লাভ করল।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন