জাতীয়

কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের নির্দেশ

ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মৃতিকে সম্মান জানাতে রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম তার নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, ইতোমধ্যে ঢাকা সিটি করপোরেশনের মাধ্যমে উপযুক্ত একটি সড়ক নির্ধারণ করে সেটির নাম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে করার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।  

এর আগে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে এ বিষয়ে একটি নোটিশ দেন। সেখানে তিনি বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির দূরদর্শী নেতৃত্বে কাতার আধুনিক, সমৃদ্ধ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। পাশাপাশি তার নেতৃত্বে বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্কও নতুন উচ্চতায় পৌঁছেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় কাতার দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা রেখে আসছে। দেশটি লাখো বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সংকটের সময় কাতারে বাংলাদেশি প্রবাসীদের নিজ দেশের নাগরিকদের মতো নিরাপত্তা ও সহায়তা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।   

তিনি আরও বলেন, কাতারে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, ফলে দুই দেশের সম্পর্ক সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে।

গেল ১২ জুলাই শেখ হামাদ বিন খলিফা আল থানি মৃত্যুবরণ করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকার ১৫ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করে।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার প্রস্তাবে আরও উল্লেখ করেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, দীর্ঘমেয়াদি এলএনজি সহযোগিতা, কর্মসংস্থান বৃদ্ধি এবং কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে শেখ হামাদের অবদান বিশেষভাবে স্মরণীয়। এসব বিবেচনায় ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসসংলগ্ন সড়কের নাম ‘শেখ হামাদ বিন খলিফা আল থানি সড়ক’ করার বিষয়টি রাষ্ট্রীয়ভাবে বিবেচনার আহ্বান জানাচ্ছেন।

  

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন