৯ দিন পর খুলল সাজেক, পর্যটকদের জন্য উন্মুক্ত সব স্পট
টানা ভারী বৃষ্টিতে ভূমিধস, দুর্ঘটনার আশঙ্কা ও সড়ক যোগাযোগে বিঘ্নের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা রাঙামাটির সাজেক ভ্যালিসহ জেলার সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সাজেক ভ্যালিসহ জেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় উন্মুক্ত করা হয়েছে। তবে বর্ষা মৌসুমে ভ্রমণের সময় সবাইকে সতর্ক থাকতে এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গেল ৭ জুলাই ভারী বর্ষণ, পাহাড়ধসের ঝুঁকি এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ জেলার পর্যটনকেন্দ্রগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল।
পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রায় ৯ দিন পর জেলা প্রশাসনের সিদ্ধান্তে সাজেক ভ্যালিসহ উপজেলার সব পর্যটন স্পট আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো।
তথ্যসূত্র: বাসস
এমএ//