পুকুরে ভাসছিল কিশোরের মরদেহ, পকেটে মিলল চিরকুট
পঞ্চগড়ের ঐতিহাসিক মহারাজার দিঘী থেকে মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পকেট থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের নিজের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সকালে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মহারাজার দিঘীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ, সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
নিহত মানিক হোসেন সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দীনের ছেলে। তিনি একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, সকালে দিঘীর পানিতে মরদেহটি ভাসতে দেখে তারা বিষয়টি ইউনিয়ন পরিষদ ও পুলিশকে জানান। প্রথমদিকে মরদেহের পরিচয় জানা না গেলেও, পকেটে থাকা চিরকুটের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের মামা রফিকুল ইসলাম জানান, গেল সোমবার (১৩ জুলাই) বিকেলে মানিক বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। বুধবার সকালে মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি জানান, মরদেহের পকেট থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, চিরকুটের বিষয়বস্তু, ঘটনাস্থলের আলামত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএ//