খেলাধুলা

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবিতে ৯৮ লাখের বেশি স্বাক্ষর

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে নতুন করে তুমুল বিতর্কের জন্ম হয়েছে। ম্যাচ অফিশিয়াল ও রেফারিদের মাধ্যমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা অন্যায্য সুবিধা পাচ্ছে—এমন অভিযোগ তুলে দলটিকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবিতে একটি অনলাইন পিটিশন চালু করা হয়েছে। ইতোমধ্যে সেই পিটিশনে ৯৮ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পিটিশনটি দ্রুত ছড়িয়ে পড়ার পর ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশ্বকাপের রেফারিং নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন অনেকে, আবার কেউ কেউ পুরো বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বিতর্ক বলেও মনে করছেন।

তবে এসব অভিযোগকে একেবারেই আমলে নিচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

তার মতে, আধুনিক ফুটবলে প্রযুক্তিনির্ভর সিদ্ধান্তের কারণে পক্ষপাতিত্বের সুযোগ খুবই সীমিত। তাই আর্জেন্টিনাকে ঘিরে ছড়ানো এসব অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই; এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন ছাড়া আর কিছুই নয়।

'আর্জেন্টিনা আউট ডটকম' (argentinaout.com)—এ নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত পিটিশনে অভিযোগ করা হয়েছে, ফিফা এবং ম্যাচ কর্মকর্তারা টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা ও তাদের অধিনায়ক লিওনেল মেসির প্রতি স্পষ্ট পক্ষপাতিত্ব দেখাচ্ছেন। 

পিটিশনে বলা হয়, ‘বিজয়ী যদি আগেই নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন প্রতিযোগিতা করবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করে সবাইকে সমান সুযোগ দিন।’

এই বিতর্কের সূত্রপাত মূলত শেষ ষোলোর (রাউন্ড অফ সিক্সটিন) আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচটিকে কেন্দ্র করে। ম্যাচটিতে প্রথমার্ধে মেসির পেনাল্টি মিস এবং ২-০ গোলে পিছিয়ে পড়ার পর শেষ ১৩ মিনিটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩টি গোল করে নাটকীয় জয় তুলে নেয় আর্জেন্টিনা।

তবে ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়ে মিশর।

তাদের অভিযোগ, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর মাধ্যমে মিশরের একটি গোল বাতিল করা হলেও, আর্জেন্টিনার জয়সূচক গোলের ঠিক আগে তাদের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর ওপর হওয়া ফাউলটি ভিএআর-এ পর্যালোচনা করা হয়নি।

মিশরের দাবি, আর্জেন্টিনার সেই গোলটি বাতিল করে উল্টো তাদেরকে পেনাল্টি দেওয়া উচিত ছিল।

ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান সরাসরি ফিফার সমালোচনা করেন, ‘আমি পরিণতির কথা না ভেবেই বলছি—এটি সাজানো ম্যাচ। যদি আর্জেন্টিনাকেই জেতাতে হয়, তাহলে অন্য দলগুলোকে বিশ্বকাপে আনার দরকার কী? ফিফা শুধু মেসিকে টুর্নামেন্টে রাখতে চায়। তারা 'ফেয়ার প্লে'র কথা বলে, কিন্তু আমরা মাঠে তার কোনো প্রমাণ দেখিনি।‘

তবে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে আগে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উড়িয়ে দেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সব অভিযোগ নাকচ করে তিনি তার যুক্তিতে বলেন, বর্তমান আধুনিক ফুটবলে ভিএআর (VAR) প্রযুক্তির যুগে কোনো নির্দিষ্ট দলকে ইচ্ছাকৃতভাবে রেফারি বা ফিফা কর্তৃক সুবিধা পাইয়ে দেওয়া কার্যত অসম্ভব।

অতীতের উদাহরণ টেনে স্কালোনি বলেন, ১৯৮৬ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের সময়ও অন্যায্য সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছিল। তাই বর্তমানের এই সমালোচনা তাদের কাছে অচেনা নয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন