'প্রাথমিক শিক্ষা পদক -২০২৬' অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতী শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানাতে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত হন।
সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা ও নেতৃত্বের বিকাশে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায় পর্যন্ত এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানে তুলে দেওয়া হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’।
এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও সম্মাননা প্রদান করা হচ্ছে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত সেরাদের এই স্বীকৃতি দেওয়া হবে।
অনুষ্ঠানে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পি/ডি