পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ
চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (তাত্ত্বিক) প্রথমপত্রের প্রশ্নপত্রে ত্রুটি বা অসঙ্গতির ঘটনায় চার শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শোকজ করা শিক্ষকরা সবাই সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের সই করা অফিস আদেশে এ নোটিশ দেওয়া হয়।
শোকজপ্রাপ্তরা হলেন—শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।
অফিস আদেশে বলা হয়, গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় পদার্থবিজ্ঞান (তাত্ত্বিক) প্রথমপত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে মারাত্মক ত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। এ ধরনের ত্রুটির কারণে পরীক্ষার্থীরা পরীক্ষাকক্ষে চরম মানসিক চাপে পড়েন। একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধক হিসেবে এমন ত্রুটি চরম দায়িত্বহীনতা ও পেশাগত কর্তব্যে অবহেলার শামিল। এতে সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।
আদেশে আরও বলা হয়, প্রশ্নপত্র পরিশোধনে এমন গুরুতর ত্রুটির কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে।
আই/এ