রাজনীতি

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পোস্ট: চবি ছাত্রদল নেতাকে শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে শোকজ করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে সাজ্জাদকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।  

সংগঠনের দায়িত্বশীল পদে থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না, তা স্পষ্ট করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মূলত জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর প্রকাশের পর ফেসবুকে একটি প্রতিক্রিয়া জানান সাজ্জাদ হোসাইন হৃদয়। তিনি সেখানে লেখেন, ছাত্ররাজনীতির শুরু থেকেই তিনি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির নানা কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ নিয়ে এসেছেন। তাই নতুন করে তেলের দাম বাড়ানোয় তিনি নিজের প্রতিবাদ ব্যক্ত করছেন। ওই স্ট্যাটাসটি নজরে আসার পরপরই তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয়।

উল্লেখ্য, বিগত সাত মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৩৫ থেকে ৪৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সর্বশেষ গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তেলের নতুন দর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন পুনর্নির্ধারিত দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন