শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সংসদ অভিমুখে শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ছেড়ে জাতীয় সংসদ ভবনের অভিমুখে পদযাত্রা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে দ্বিতীয় দফায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তাঁরা। প্রায় সোয়া এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখার পর, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তাঁরা অবরোধ তুলে নিয়ে সংসদের দিকে যাত্রা শুরু করেন। বর্তমানে তারা সংসদ ভবনের সামনে অবস্থান করছেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আগামী দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব থেকে মিরপুর রোড ধরে সংসদের দিকে অগ্রসর হন।
শিক্ষার্থীদের ঘোষিত ৩ দফা দাবিগুলো হলো,
১. বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
২. গত ১৩ জুলাইয়ের প্রতিকূল পরিবেশে পরীক্ষায় অংশ নেওয়া ও না নেওয়া—সব শিক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষা আয়োজন করতে হবে।
৩. ১৫ জুলাইয়ের (আগামীকাল) পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি দিতে হবে এবং শিক্ষার্থীবান্ধব প্রশ্নপত্র নিশ্চিত করতে হবে।
আর/আই