বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বরিশালে একদিনের সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি ।
সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হন প্রধানমন্ত্রী । সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক বরিশাল সফর।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পথে বিভিন্ন স্থানে তাকে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। বিএনপির মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকাতেও বৃক্ষরোপণ কর্মসূচি।
দলীয় সূত্রে জানা গেছে, সফরের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাদের পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ এবং তৃণমূল নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন।
পি/ডি