ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত
নীলফামারীর ডোমারে ট্রাক চাপায় ভ্যানের চালকসহ চারজন নিহত হয়েছেন। এরমধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। নিহতরা হলেন, ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের নদীয়াপাড়ার ওলি বর্ম্মনের ছেলে মিথিলা ভ্যানচালক পরিমল বর্ম্মন (৪০), নিহত পরিমলের ছোট ভাই প্রদীপ বর্ম্মনের স্ত্রী প্রতিমা বর্ম্মন (৩০), তার দুই সন্তান বিপাশা বর্ম্মন (৮) ও যাদব বর্ম্মন (৪)।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার মটকপুর নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় জলঢাকা থেকে ছেড়ে আসা ডোমারগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে মটকপুর নদীরপাড় এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ট্রাকটিও সড়কের পাশে পড়ে যায়।
এতে একই পরিবারের তিনজনসহ মিথিলা ভ্যানের চালক নিহত হন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ