কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১২ জুলাই) কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে পাঠানো এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানানা
চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, কাতারের সাবেক আমিরের প্রয়াণে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার, রাজপরিবারের সদস্যবৃন্দ, কাতার সরকার ও সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
তিনি আরও উল্লেখ করেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী ও প্রাজ্ঞ রাষ্ট্রনায়ক। তাঁর গতিশীল নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ ও বিশ্ব দরবারে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তাঁর অনবদ্য অবদান সবসময় শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।
তারেক রহমান তাঁর চিঠিতে উল্লেখ করেন, পারস্পরিক বিশ্বাস, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও কাতারের মধ্যে যে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন গড়ে উঠেছে, বাংলাদেশ তাকে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করে।
শোকবার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন ও শোকাবহ সময়ে আমাদের সহানুভূতি ও প্রার্থনা আপনার, রাজপরিবার এবং কাতারের জনগণের সাথে রয়েছে। মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি এবং এই অপূরণীয় ক্ষতি সইবার জন্য আপনাকে ও রাজপরিবারকে ধৈর্য ও শক্তি দান করার প্রার্থনা জানাচ্ছি।
আর/আই