দেশজুড়ে

৭ বছরের শিশুকে ধর্ষণ, মামলার ৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত দেব চন্দ্র দাসকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (০৯ জুলাই) র‌্যাব-৫-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির।

র‌্যাব জানায়, চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা দেব চন্দ্র দাস বুধবার প্রতিবেশী সাত বছর বয়সি এক শিশুকে টেলিভিশন দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

পরে দীর্ঘ সময় শিশুটিকে খুঁজে না পেয়ে তার মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর বুধবার বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেব চন্দ্র দাসকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাব।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার ম্যাজিক লন্ঠন স্কুলসংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে দেব চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে র‌্যাব আরও জানায়, রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক এতিম শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া আরেকটি মামলার আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন