ক্যাম্পাস

চার দফা দাবিতে অনড় শেকৃবি শিক্ষার্থীরা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীদের চার দফা দাবিতে আন্দোলন চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। দাবি আদায়ে অনড় অবস্থানে থেকে তারা ব্যতিক্রমীভাবে ‘সেভ এএসভিএম’ লেখা মানববিন্যাস তৈরি করে প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান একাডেমিক ভবনের সামনে আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই তারা কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো নিয়ে আগামী রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ডারি অ্যাসোসিয়েশন (বাহা) কম্বাইন্ড ডিগ্রির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ কারণে সংগঠনটিকে বয়কটের ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে— কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করে নিয়োগসংক্রান্ত জটিলতার সমাধান, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং টিএ-ডিএ চালু, পাশাপাশি ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শেকৃবির কম্বাইন্ড ডিগ্রিধারী ১৮ জন প্রার্থী কেন প্রফেশনাল ক্যাডারে সুপারিশ পাননি, তার ব্যাখ্যা ও সমস্যার সমাধান নিশ্চিত করা।

আন্দোলনে সংহতি জানিয়ে এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তিনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কম্বাইন্ড ডিগ্রিধারী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখারও পরামর্শ দেন।

একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আন্দোলন অব্যাহত রাখলেও দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি হবে। তাই রোববার থেকে ক্লাসে ফিরে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তবে ডিনের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, গেল ৫ জুলাই থেকে চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করে আসছেন শেকৃবির এএসভিএম অনুষদের শিক্ষার্থীরা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন