বাড়ি থেকে তুলে নিয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণ, একজন গ্রেফতার
পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত খগেশ্বর রায়ের বাড়ি উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকায়। শিশুটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে।
বুধবার (১১ নভেম্বর) রাতে এঘটনায় শিশুটির মা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খগেশ্বর রায়কে গ্রেফতার করে পুলিশ। আজ (১২ নভেম্বর) দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। এ সময় তার বাবা-মা ও ভাই বাড়িতে ছিলেন না। আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে প্রতিবেশী শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের নিচে খালের পাড়ে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
এসময় প্রতিবেশী মঙ্গলী রানী কাজ শেষে বাড়ি ফেরার পথে ধস্তাধস্তি ও শিশুটির গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে যান। তাকে দেখে অভিযুক্ত খগেশ্বর পালিয়ে যান। পরে মঙ্গলী রানী ভুক্তভোগী শিশুটিকে কোলে করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওইদিন রাতেই শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ দুপুরে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা মিজানুর রহমান বলেন, ওই শিশুটিকে আজকে সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে মেডিকেল অফিসার ডা. মোছা. জান্নাতুন ফেরদৌস নিতু তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে যে শিশুটি ধর্ষনের শিকার হয়েছিল কিনা।
দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া বলেন, শিশুটির পরিবার থানায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করেন আদালত।
আই/এ