দেশজুড়ে

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি , শিক্ষার্থীসহ ২ জন আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভুয়া অ্যাডমিট কার্ড  তৈরি করে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার সময় এক শিক্ষার্থী ও তার সহযোগীকে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কসবা মহিলা ডিগ্রি কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তার সহযোগী ইনজামুল হক (১৯)।

বৃহস্পতিবার (২ জুলাই) কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি-২০২৬ পরীক্ষায় এ ঘটনা ঘটে। কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় তাসফিয়ার অ্যাডমিট কার্ডে উল্লিখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে। এতে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে তারা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। পরে বোর্ড থেকে নিশ্চিত করা হয় যে অ্যাডমিট কার্ডটি সম্পূর্ণ ভুয়া।

কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তাসফিয়া রহমান জান্নাত এআই প্রযুক্তির মাধ্যমে জাল প্রবেশপত্র তৈরি করে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করেন। কলেজ কর্তৃপক্ষের তৎপরতায় তিনি ধরা পড়েন।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত উভয়কে অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবেন না এ মর্মে তাদের কাছ থেকে কঠোর মুচলেকা নেওয়া হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন