আন্তর্জাতিক

ওয়াশিংটন-তেহরান সমঝোতা বাস্তবায়ন নিয়ে দোহায় ত্রিপক্ষীয় বৈঠক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় কাতারের রাজধানী দোহায় ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন ইরান, কাতার ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা।

বুধবার (০১ জুলাই) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে প্রতিবেদনে বলা হয়, ত্রিপক্ষীয় বৈঠকের আগে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান আলোচক কাজেম গারিবাবাদি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে পৃথক বৈঠক করেন।

সেখানে সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি, বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং প্রক্রিয়াকে আরও গতিশীল করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি লেবানন-সংক্রান্ত বিষয়গুলোর বাস্তবায়ন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় করেন তারা।

পরে ইরান, কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা যৌথ বৈঠকে বসে সমঝোতা স্মারকের সার্বিক বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়ন করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজেম গারিবাবাদি জানান, আলোচনায় মূলত সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।

তিনি বলেন, সমঝোতা বাস্তবায়ন তদারকি এবং চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে পৃথক কমিটি গঠন করা হয়েছে। তবে এসব কাঠামোর আওতায় আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি।

গারিবাবাদি আরও জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার সময় ও স্থান নির্ধারণে পরামর্শ অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় পরিবেশ তৈরি হলেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি গত ১৮ জুন কার্যকর হয়। এতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে অনুমোদন দেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন