আন্তর্জাতিক

হামলা বন্ধে ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা, দোহায় বসছে নতুন বৈঠক

পারস্পরিক সামরিক হামলা বন্ধের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন করে বৈঠক হওয়ার কথা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আলোচনায় মূলত গুরুত্ব পাবে হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়টি।

এর আগে গত ১৭ জুন যুদ্ধবিরতির লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা হয়। দীর্ঘদিনের বিরোধের মধ্যেও ওই উদ্যোগ দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করে এবং চলমান সংঘাতের অবসানের আশা বাড়ায়।

গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাত থামাতে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ডে আলোচনা শুরু হয়েছিল। তবে এর মধ্যেই দুই পক্ষ আবারও একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা চালায়। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ দেখা দেয়।

সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর ওপর থাকা অবরোধ তুলে নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে একই সঙ্গে কঠোর বার্তাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি জানান, ইরান আবারও হামলা চালালে যুক্তরাষ্ট্র প্রয়োজন অনুযায়ী সামরিক পদক্ষেপ নিতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি পুনরায় যুদ্ধে জড়াতে বাধ্য হয়, তাহলে ইরানের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন