জাতীয়

দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৯ জুন) দুপুর ২টায় সারাদেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এ কর্মসূচির সূচনা করা হবে।   

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এবারের কর্মসূচিতে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা অংশ নিচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণ করা হবে। পাশাপাশি জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা বিশেষ অনুদান দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে এ কর্মসূচি সোমবার সকাল ১০টায় উদ্বোধনের সময় নির্ধারণ করা হলেও বিশেষ কারণে তা পরিবর্তন করে দুপুর ২টায়  করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।     

উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশ নেবেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুষ্ঠানটি সুন্দরভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে। এ উপলক্ষ্যে সোমবার প্রতিটি ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানো হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

এদিকে একই অনুষ্ঠানের মঞ্চে  প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এ অংশ নেওয়া তরুণ উদ্ভাবকদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। পাশাপাশি সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কারও বিতরণ করবেন।   

আয়োজনটি সফল করতে রোববার দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল ভ্যেনু ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন