আবহাওয়া

দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে বজ্রসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৯ জুন)  ভোর ৫টা থেকে দুপুর ১টা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাবাসে এসব তথ্য জানানো হয়েছে।  

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রোববার (২৮জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া বার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কমতে পারে দিনের তাপমাত্রা।  

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন