তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
দিনের গরম আর রাতের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামী মঙ্গলবার ও বুধবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আগামী পাঁচ দিন পর থেকে সারা দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারা দেশের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিনও দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এ পরিস্থিতিতে আগামী পাঁচ দিন পর থেকে সারা দেশে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।
এদিকে শনিবার সকালে ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। শনিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে এবং রোববার সূর্যোদয় ভোর ৫টা ৫৭ মিনিটে হবে।
এসি//