হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজারের বেশি বাংলাদেশি হাজি
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ জন বাংলাদেশি হাজি। শুক্রবার (২৬ জুন) পর্যন্ত মোট ১৮৮টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
শনিবার (২৭ জুন) প্রকাশিত হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৪ হাজার ৪৫৯ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফিরেছেন ৬৩ হাজার ৮৩৮ জন হাজি।
হাজিদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সৌদিয়া এয়ারলাইনস ৬৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৩টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশের ১০২টি ফ্লাইটে ৩১ হাজার ৯৮১ জন, সৌদিয়া এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৩ হাজার ১৪৯ জন এবং ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৯৬৭ জন হাজি দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য বিশেষ ফ্লাইটের মাধ্যমে আরও ৪ হাজার ২০০ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন।
হজ অফিস জানিয়েছে, এখনো যেসব হাজি সৌদি আরবে অবস্থান করছেন, তারাও নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। তবে মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, হজ চলাকালে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে ১১ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো থেকে জরুরি স্বাস্থ্যসেবা পেয়েছেন ৬৭ হাজার ৮৬ জন হাজি।
অন্যদিকে মক্কা ও মদিনার তথ্য সহায়তা কেন্দ্র থেকে ২৮ হাজার ৪০৫ জন হাজিকে হারানো জিনিসপত্র উদ্ধারসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে সহায়তা দেওয়া হয়েছে।
চলতি বছরের হজযাত্রার কার্যক্রম শুরু হয় গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে। ২১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হওয়ার পর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে হাজিদের ফিরতি যাত্রা শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর জন্য কোটা নির্ধারিত ছিল।
এসি//