আন্তর্জাতিক

বাংলাদেশিসহ বিদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের করের অর্থে পরিচালিত সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৭ জুন) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক বা পর্যটক যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় দেশটির করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধা অন্যায়ভাবে ব্যবহার করলে বা এসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে তাকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।

দূতাবাস জানায়, অনিবাসী বা অস্থায়ী ভিসাধারী কেউ এমন অনিয়মে জড়িত হলে তার চলমান ভিসা বাতিল করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তাকে অযোগ্য ঘোষণা করা হতে পারে।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক বিদেশি নাগরিককে নিজের থাকা, খাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় খরচ বহনের জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়ে আসতে হবে। সরকারি অর্থ বা অন্য কোনো জনসাধারণের সহায়তার ওপর নির্ভর করে ভ্রমণ করা গ্রহণযোগ্য নয়।

মার্কিন দূতাবাস সতর্ক করে দিয়েছে, সরকারি সুবিধার অপব্যবহারকে গুরুতর বিষয় হিসেবে দেখা হবে এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন