দেশজুড়ে

অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

ছবি: সংগৃহীত ফাইল ছবি

পাবনার পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মঞ্জু শেখ (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান এলাকার পদ্মার চরে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জু শেখ আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফের ভাতিজা এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীরও ভাতিজা। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, তিনি দলের একজন সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মার চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার সকালে চর এলাকায় বালুর অবস্থান দেখতে গেলে উভয় পক্ষের মধ্যে আবারও বিরোধ শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষ ও গোলাগুলিতে রূপ নেয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মঞ্জু শেখ।

সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ অভিযোগ করেন, চরতারাপুর ও ভাঁড়ারা এলাকার কয়েকজন অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এর জেরে প্রতিপক্ষ গুলি চালায় এবং এতে মঞ্জু শেখ নিহত হন। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন