আন্তর্জাতিক

ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা, নৌযান চলাচলের সতর্কতা জারি

আবারও হরমুজ প্রণালির আশপাশে চলাচলকারী জাহাজগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, এই কৌশলগত নৌপথে প্রবেশ করলে জাহাজগুলো সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হতে পারে।

শনিবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, লেবাননে ইসরাইলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট জলসীমায় নৌযান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, পাকিস্তান জানিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১ জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসলামাবাদে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। এতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পাশাপাশি মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান ও কাতারের কর্মকর্তারাও অংশ নেবেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন