হরমুজ প্রণালি ব্যবহারে ৬০ দিন কোনো ফি নেবে না ইরান
ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় আগামী ৬০ দিন হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা হবে না বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে পরিষদ জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি চাওয়া জাহাজগুলো আগামী দুই মাস বিনা খরচে এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে পারবে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে আবেদনগুলো দ্রুত যাচাই করে অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদনের নির্দেশ দেয়া হয়েছে।
তবে বর্তমান পরিস্থিতি ও নৌপথে থাকা নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে জাহাজগুলোকে কর্তৃপক্ষ নির্ধারিত নির্দিষ্ট রুট ও সময়সূচি মেনে চলতে হবে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে ধাপে ধাপে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
পরিষদ আরও জানিয়েছে, হরমুজ প্রণালি ব্যবহারের প্রযুক্তিগত নির্দেশনা ও পরিচালন সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ প্রকাশ করবে।
এ ছাড়া মাইন অপসারণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম ইসলামাবাদ সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী বাস্তবায়ন করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এসি//