আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪, ইরানের কঠোর হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি সমঝোতা নিয়ে আলোচনা চলার মধ্যেই লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির দক্ষিণাঞ্চলে চালানো একাধিক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ এলাকায় দুটি গাড়ি লক্ষ্য করে পৃথক হামলা চালায় ইসরাইলি বাহিনী। একই সময়ে শৌকিন গ্রামেও একটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

ইরান বরাবরই দাবি করে আসছে, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননে  ইসরাইলি সামরিক অভিযান বন্ধের বিষয়টি থাকতে হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতায় লেবাননসহ বিভিন্ন অঞ্চলে সামরিক কার্যক্রম বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দক্ষিণ লেবাননে  ইসরাইলি সেনাদের অবস্থান অব্যাহত থাকলে তা কোনো চুক্তির প্রতি সম্মান দেখানোর বিষয় হবে না।

তার ভাষ্য, দখল করা অঞ্চল থেকে সেনা সরিয়ে না নেওয়া পর্যন্ত সংঘাত পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।

এদিকে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও সতর্ক করে বলেছেন, দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রাখলে  ইসরাইলকে এর কঠোর জবাবের মুখোমুখি হতে হবে।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার আলোচনা চললেও দক্ষিণ লেবাননে  ইসরাইলি সেনাদের অবস্থান বহাল থাকবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতির আলোচনা চললেও তাদের মধ্যে নিরাপত্তাহীনতা কাটছে না।

অনেকেই আশঙ্কা করছেন, যেকোনো সময় পরিস্থিতি আবার বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর ইসরাইলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন