চুক্তি নিয়ে দেরি করায় ইরানকে মূল্য দিতে হবে: ট্রাম্প
পারমাণবিক ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে সময়ক্ষেপণের জন্য ইরানকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে ইরানের সামরিক শক্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক বাহিনী এখন চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ইরান পুরোপুরি পরাজিত হয়েছে এবং দেশটি শুধু কথার রাজনীতিই করে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়েও কড়া ভাষায় মন্তব্য করেন তিনি।
তবে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট কিছু বলেননি। তিনি শুধু বলেন, তেহরান এমন একটি চুক্তি নিয়ে আলোচনায় অতিরিক্ত সময় নিয়েছে, যা তাদের জন্য লাভজনক হতে পারত। এখন তাদের সেই দেরির মূল্য দিতে হবে।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান বর্তমান ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায়। রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধ কোনোভাবেই দেশের স্বার্থে নয়। তবে কেউ ইরানের মর্যাদা, ভূখণ্ড বা সার্বভৌমত্বে আঘাত করলে তেহরান আত্মসমর্পণ করবে না।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ ও সংকটের সময়ে দেশ পরিচালনা করা কঠিন। এ অবস্থায় জাতীয় ঐক্য ও সমাজের সব অংশের সহযোগিতা জরুরি।
পেজেশকিয়ান বলেন, এমনভাবে এগোতে হবে, যাতে দেশের ভবিষ্যৎ সংকট থেকে সুরক্ষিত থাকে এবং ইরান মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে যেতে পারে।
এমএ//