ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে : জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক কোনও কারণে ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে। জোরজবরদস্তি করে যাদের কাছ থেকে ব্যাংকটির শেয়ার নেওয়া হয়েছিল, অবিলম্বে তা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে।
মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ৬৮ বিধিতে দেওয়া নোটিশের আলোচনায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে শফিকুর রহমান বলেন, শেয়ারহোল্ডাররা কীভাবে মালিকানা পেয়েছেন, সেটি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া উচিত। অতীতে চাপ প্রয়োগ ও অনিয়মের মাধ্যমে প্রকৃত শেয়ারহোল্ডারদের কাছ থেকে মালিকানা হস্তান্তর করানো হয়েছিল, যার ফলে ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, কোনও নিয়মনীতি, বিজ্ঞপ্তি বা পরীক্ষার মাধ্যমে না গিয়ে হাজার হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রীর আর এক বক্তব্যের জবাবে তিনি ৭০০ কোটি টাকার ঋণ নির্বাচনি তহবিলে ব্যবহারের অভিযোগের বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে মেডেল দেবেন।
আই/এ