দেশে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় শীর্ষে শেকৃবি
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) আন্তর্জাতিক একাডেমিক প্ল্যাটফর্ম “রিসার্চ ডট কম”-এর প্রকাশিত ২০২৫-২০২৬ সেশনে বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে।
রিসার্চ ডট কমের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের র্যাংকিংয়ে দেশের ১২ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেকৃবি প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং তৃতীয় স্থানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
তালিকায় থাকা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে যথাক্রমে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, নর্থ-সাউথ ইউনিভার্সিটি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শেকৃবির এই চমকপ্রদ অর্জনের পেছনে ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক গবেষণা। শিক্ষা ও গবেষণাভিত্তিক ওয়েবসাইট রিসার্চ ডট কম এবার তৃতীয়বারের মতো তাদের বৈশ্বিক ও আঞ্চলিক র্যাংকিং প্রকাশ করেছে।পাবলিকেশন ও এইচ ইনডেক্সের উপর ভিত্তি করে এই র্যাংকিং প্রকাশিত হয়েছে। সূচক অনুযায়ী, ৪ জন শীর্ষস্থানীয় গবেষকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি থেকে মোট ৬৬০ টি উচ্চমানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আর সম্মিলিত এইচ-ইনডেক্স স্কোর এসেছে ১৬৫।
বিষয়টি নিয়ে কৃষি অনুষদের এক শিক্ষার্থীর সাথে কথা বললে তিনি বিষয়টি নিয়ে আশা প্রকাশ করে বলেন, গবেষণার পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে আমরা আরও ভালো করব।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসেন বলেন, "বর্তমান গ্লোবালাইজেশনের যুগে যেকোনো বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংটা অনেক বড় একটা প্রাপ্তি। একটা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি হচ্ছে, যখন সেই বিশ্ববিদ্যালয়টা আন্তর্জাতিক মানের কোনো র্যাংকিংয়ে ঢুকবে। যে প্রতিষ্ঠানগুলো র্যাংকিং দেয়, তাদের অনেক জায়গায় আমাদের ডাটা যুক্ত ছিল না। তবে এখন আন্তর্জাতিক ওয়েবসাইটগুলোতে আমাদের ডাটা যুক্ত হওয়ায় ভবিষ্যতে আমরা আশা করি আরও অনেক জায়গায় ভালো ভালো র্যাংকিংয়ে আসবে। আমাদের বিশ্ববিদ্যালয়টাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা গবেষকদেরও অনেক উৎসাহিত করার চেষ্টা করছি।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ বলেন, "আমি সেই সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই সফলতা পেয়েছি। আশা করি আমরা আগামী দিনে আরও অনেক র্যাংকিংয়ে ভালো জায়গায় অবস্থান করব।" তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন, "আমাদের গবেষণার জায়গা অনেক কম। আমাদের গবেষণার জায়গা যদি আরও একটু বেশি হতো, তাহলে আমরা অনেক ভালো কিছু করতে পারতাম। সরকারের কাছে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার জায়গা বৃদ্ধি করার জন্য সুদৃষ্টি আকর্ষণ করছি।"
আই/এ