জাতীয়

ভারত থেকে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল

ছবি: সংগৃহীত ফাইল ছবি

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে গেল ২১ ও ২৯ মে দুই দফায় ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেটড থেকে পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল দেশে আনা হয়। একইভাবে চলতি মাসেও আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।   

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডেপুটি ম্যানেজার (অপারেশনস) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, গেল মে মাসে দুই দফায় ৪ হাজার করে মোট ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।  আমন মৌসুমকে কে সামনে রেখে জুন মাসেও সমপরিমাণ ডিজেল আমদানি করা হবে।   

তিনি বলেন, সেচ মৌসুমে উত্তরাঞ্চলে ডিজেলের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে থাকে। প্রতি সপ্তাহে প্রায় ২ হাজার মেট্রিক টন হিসেবে মাসে প্রায় ৮ হাজার মেট্রিক টন ডিজেলের প্রয়োজন হবে। এ চাহিদা বিবেচনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে প্রয়োজনীয় চাহিদাপত্র ইতোমধ্যেই পাঠানো হয়েছে।

হাবিবুর রহমান আরও বলেন, পাইপলাইনের পাশাপাশি রেলওয়ে ওয়াগনের মাধ্যমেও নিয়মিত জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রয়েছে। ফলে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে ভারত থেকে ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করা হয়েছিল।

 

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন