চট্রগ্রামে বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনায় তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইকের কার্গো ট্যাংকগুলো অক্ষত রয়েছে এবং জাহাজ থেকে কোনো ধরনের তেল নিঃসরণ হয়নি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১২টা ২৫ মিনিটের দিকে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল বহনকারী এমটি সি স্পাইক নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এমটি সি স্পাইকের সব কটি কার্গো ট্যাংক সম্পূর্ণ অক্ষত রয়েছে। কার্গো ট্যাংকে কোনো পানি প্রবেশ করেনি। ফলে জাহাজে থাকা ডিজেলও নিরাপদ রয়েছে এবং এখন পর্যন্ত কোনো তেল সমুদ্রে ছড়িয়ে পড়েনি।
সৈয়দ রেফায়েত হামিম বলেন, সংঘর্ষের পর ট্যাংকারটির ইঞ্জিন রুমের পোর্ট কোয়ার্টারে আনুমানিক এক বর্গমিটার ফাটল দিয়ে পানি প্রবেশ করে। এতে জাহাজে সাময়িক বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। পরে জরুরি ব্যাটারির সাহায্যে জাহাজটির ভিএইচএফ যোগাযোগব্যবস্থা সচল রাখা হয়। জাহাজটি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমে নামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড।
বন্দর কতৃপক্ষ জানায়, দ্রুততম সময়ে ট্যাংকারে থাকা জ্বালানি তেল খালাসের জন্য শিপিং এজেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জাহাজের ফাটল মেরামত ও উদ্ধারের জন্য স্যালভেজ কোম্পানিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জাহাজের মাস্টারের সঙ্গে সার্বক্ষণিক ভিএইচএফ যোগাযোগ রাখা হচ্ছে। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
আই/এ