বিনোদন

পল ওয়াকারের স্মৃতিতে কান্নায় ভাসলেন ভিন ডিজেল

ছবি: ফাইল ছবি

প্রয়াত বন্ধু ও সহ-অভিনেতা পল ওয়াকারকে স্মরণ করে আবেগঘন মুহূর্তে ভেঙে পড়েন ভিন ডিজেল। ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে কান চলচ্চিত্র উৎসবে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে এ ঘটনা ঘটে।

সম্প্রতি ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে, ছবিটির প্রদর্শনী শেষ হওয়ার পর দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে প্রয়াত বন্ধুর (পল ওয়াকার) স্মৃতিতে অশ্রুসিক্ত হয়ে পড়েন ভিন ডিজেল।

তিনি বলেন, আমি প্রার্থনা করি সবার জীবনে যেন পলের মতো একজন বন্ধু থাকে।

এ সময় তার সঙ্গে ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ সিরিজের সহ-অভিনেত্রী জর্ডানা ব্রিউস্টার, মিশেল রদ্রিগেজ এবং ওয়াকারের ২৭ বছর বয়সি মেয়েও উপস্থিত ছিলেন।

ডিজেল বলেন, এই সিনেমাটি দেখা আমার জন্য খুব কঠিন, কারণ ছবির প্রতিটি মুহূর্ত পলের স্মৃতিকে মনে করিয়ে দেয়। 

ডিজেল জানান, ৩১ বছর আগে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “মাল্টি-ফেশিয়াল” নিয়ে প্রথম কানে এসেছিলেন।

তিনি বলেন, তখন কেউই আমাকে তেমন চিনত না। তবে এবার ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-কে ‘ক্লাসিক’ হিসেবে সম্মান দেয়া আমার কাছে বিশেষ আবেগের।

এসময় গ্র্যান্ড লুমিয়ার থিয়েটারের দর্শকরা আসন ছেড়ে দাঁড়িয়ে টানা চার মিনিট করতালি দিয়ে অভিনন্দন জানায়।

প্রসঙ্গত, ২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় পল ওয়াকার মারা যায়। এরপর থেকে প্রায়ই তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভিন ডিজেল। ২০১৫ সালে পল ওয়াকারের স্মরণে তিনি তার মেয়ের নাম রেখেছিলেন পলিন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন