১০ লিটার তেলে ১ লিটার কম, পেট্রোল পাম্পকে জরিমানা
রাজধানীর কল্যাণপুরে প্রতি ১০ লিটারে এক লিটার জ্বালানি তেল কম দেয়ায় “সোহরাব সার্ভিস স্টেশন’’ নামে একটি পেট্রোল পাম্পকে দুই লক্ষ টাকা জরিমানা এবং দুটি ডিসপেন্সিং মেশিন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই অভিযোগে আরও একটি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।
সোমবার (৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসটিআই।
এতে বলা হয়, গত রোববার বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে দারুস সালাম থানার কল্যাণপুর এলাকায় ‘সোহরাব সার্ভিস স্টেশন’ নাম পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট (তেল দেয়ার মেশিন) যাচাই করা হয়। এর মধ্যে ২টি ইউনিটে মারাত্মক কারচুপি ধরা পড়ে, যেখানে প্রতি ১০ লিটার জ্বালানি তেলে যথাক্রমে ১,০৮০ মিলিমিটার এবং ৯৮০ মিলিমিটার তেল কম পাওয়া যায়। এই অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট ২টি তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া আজ সোমবার মগবাজারের সাংবাদিক সেলিনা পারভীন স্মরণীস্থ মইন মটরস ফিলিং স্টেশনে বিএসটিআই এর নির্বাহী মুয়াজিস্ট্রেট সাবেকুন নাহার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় এ ফিলিং স্টেশনের অকটেন ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে প্রতি ১০ লিটারে ৮০ মিলিমিটার জ্বালানি তেল কম প্রদানের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটটি সিলগালা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম এবং ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা, পরিদর্শক (মেট্রোলজি) রেজওয়ানুল ইসলাম উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।
আই/এ