আইন-বিচার

এসিআই গোদরেজ ও আফতাব ফিডকে বিএসটিআইয়ের জরিমানা

ল্যাবরেটরিতে পরীক্ষা এবং মান সনদ গ্রহণ না করে পোল্ট্রি ফিড, ফিশ ফিড উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে এসিআই গোদরেজ ও আফতাব ফিডকে জরিমানা করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (২৬ জুলাই) বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেয়।

বিএসটিআই জানায়, নারায়ণগঞ্জের রুপগঞ্জে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড পোল্ট্রি ফিড ও ফিশ ফিড নামক দুই প্রতিষ্ঠান বিএসটিআইয়ের গুণগত মান সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিলো। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী দুই লক্ষ টাকা করে সর্বমোট চার লক্ষ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে নারায়ণগঞ্জের রুপগঞ্জে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডকেও  মোট চার লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকায় জিউজো ইন্ডাস্ট্রি লি. পণ্যের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লেড এসিড স্টার্টার ব্যাটারি উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন