সুস্থ রাজনীতির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং পরিকল্পিত কুরুচিপূর্ণ ভাষার কারণে আজ সুস্থ রাজনীতির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে সাবেক এমপি ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা ও প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্রকে রক্ষা করতে এবং দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে।
তিনি বলেন, এখনকার রাজনীতিতে কোন মূল্যবোধ নেই। পরিকল্পতিভাবে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতার চরিত্র হরন করছে।
তিনি আরও বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু দেশে গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এদের প্রতিহত করতে সকলকে সরব হওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘চারিদিকে এখন শত্রু আর নানামুখী ষড়যন্ত্র। এই চক্রান্তের সঙ্গে নতুন যোগ হয়েছে বটবাহিনী। কিন্তু এতে কোনো লাভ হবে না, জনগণ সবসময় তারেক রহমানের সঙ্গে আছে। এই সরকারকে যেকোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে’।
আই/এ