উদার গণতান্ত্রিক দল বলেই নির্বাচনে মানুষ বিএনপিকে বেছে নিয়েছে : মির্জা ফখরুল
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে বুদ্ধিজীবীরা পত্রপত্রিকায় ‘হাইপ’ উঠিয়ে দিয়েছিলেন যে এখানে জামায়াতে ইসলামী ক্ষমতায় চলে আসছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচনে জয় লাভ করবে, তবে মানুষ কিন্তু ভুল করেনি। মানুষ ঠিকই তাদের বাদ দিয়ে বিএনপিকে বেছে নিয়েছে। এর কারণ বিএনপি উদার গণতান্ত্রিক দল।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর পিআইবি অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান একজন দেশপ্রেমী মানুষ ছিলেন। আওয়ামী লীগ তাঁকে ‘অখ্যাত মেজর’ বলে বিদ্রুপ করত। অথচ একাত্তরে গোটা দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে যুদ্ধের জন্য তাদের নেতার কাছ থেকে ঘোষণা আসবে। সেটা যখন এল না, তখন এই অখ্যাত মেজরই হঠাৎ চট্টগ্রাম থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন।
তিনি বলেন, পাকিস্তান আমলের শোষণ ও বঞ্চনাকে কখনও ভোলা সম্ভব নয়। তবে মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্ব ও তাৎপর্য অনন্য এবং এর সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা করা যায় না। অত্যন্ত আশার কথা যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি, বক্তব্য ও কাজের মধ্যেও তিনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন।
সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বাংলাদেশ তার কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করবে। বৈদেশিক নির্ভরতা ও দেশের প্রয়োজন বিবেচনায় রেখেই পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ ড. মুশতাক খান, এএনএম মুনিরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আবু রূশদ এবং ব্রেইনের নির্বাহী পরিচালক ড. সফিকুর রহমান।
আই/এ