জাতীয়

শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। দিবসটি ঘিরে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ মে) বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ভোর থেকেই রাজধানী ও সারা দেশে শোকাবহ পরিবেশে কর্মসূচি শুরু হয়েছে। সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

দিবসটি উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন করেছে। দেশের বিভিন্ন জেলা, মহানগর ও সাংগঠনিক ইউনিটেও শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

আজ রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ ও অসচ্ছল মানুষের মধ্যে বস্ত্র এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণের প্রতিটি আসনে পৃথক স্থান নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিবসটি উপলক্ষে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।

সূত্র জানায়, সকাল সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি খেলার মাঠ থেকে দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে রাজধানীর ১৬টি স্থানে পর্যায়ক্রমে আয়োজিত কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এসব কর্মসূচিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও রাজনৈতিক দর্শনকে স্মরণ করে বিএনপির ঘোষিত আট দিনব্যাপী কর্মসূচি দেশজুড়ে পালন করা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন