কুয়েতে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাল ইরান
ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর হামলার জবাবে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
এক বিবৃতিতে ইরানের এই অভিজাত প্রতিরক্ষা বাহিনী জানায়, বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর ‘আগ্রাসী হামলার’ প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, যে ঘাঁটি থেকে বন্দর আব্বাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছিল, সেটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে কুয়েতের কোন ঘাঁটিতে হামলা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে আবারও হামলা চালায়, তাহলে তার জবাব হবে আরও ‘নিখুঁত ও সিদ্ধান্তমূলক’।
এর আগে বুধবার দিবাগত রাতে ইরানের বন্দর আব্বাস এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে ড্রোন ছোড়ার অভিযোগে এই হামলা চালানো হয়। তার দাবি, বন্দর আব্বাসে আইআরজিসির একটি ড্রোন পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে অভিযান চালিয়েছে মার্কিন সেনারা।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ভোর ৪টা ৫০ মিনিটে পাল্টা আঘাত হানা হয়।
সূত্র : এএফপি
এসি//