বৃষ্টিভেজা সকালে শোলাকিয়ায় ঈদের নামাজে লাখো মুসল্লির ঢল
মুষলধারে বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়াকে উপেক্ষা করে লাখো মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে উপমহাদেশের অন্যতম বৃহৎ ১৯৯তম ঈদুল আজহার জামাত।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই জামাত শুরু হয়। এতে ইমামতি করেন বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
ভোর থেকেই জায়নামাজ হাতে দলে দলে মুসল্লিরা শোলাকিয়া ঈদগাহ ময়দানে এসে জড়ো হতে থাকেন। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বৃষ্টি উপেক্ষা করেও ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের টানে মাঠে নামে মানুষের ঢল।
ঐতিহ্য অনুযায়ী জামাত শুরুর আগে তিনবার বন্দুকের ফাঁকা গুলি ছুড়ে নামাজ শুরুর সংকেত দেওয়া হয়। এরপর শুরু হয় ঈদের প্রধান জামাত।
জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। মাঠে প্রবেশের আগে প্রত্যেক মুসল্লিকে কড়া তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হয়। নিরাপত্তায় দায়িত্ব পালন করেন বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হয়। চারটি ওয়াচ টাওয়ার ও ড্রোন ক্যামেরাও নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত ছিল।
মুসল্লিদের সহায়তায় মাঠে নিয়োজিত ছিল স্বেচ্ছাসেবক দল ও চিকিৎসক টিম। পানীয় জলের জন্য সুপেয় পানির ব্যবস্থাও রাখা হয়। দূরদূরান্তের মুসল্লিদের যাতায়াত সহজ করতে চালু করা হয় ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে বিশেষ দুটি ট্রেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা জানান, শোলাকিয়ার ঐতিহ্যবাহী এই জামাতে অংশ নিলে দোয়া কবুল হওয়ার আশা থেকে তারা প্রতিবছর এখানে আসেন। ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের টানেই শোলাকিয়া ঈদগাহ মিলনমেলায় পরিণত হয়।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, এবার প্রায় লক্ষাধিক মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। তিনি জানান, শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে এবং আগামী রমজানের ঈদের আগেই উন্নয়ন কাজ শেষ করার আশা করা হচ্ছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ মানের।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসি//