জাতীয়

১৭ পয়সার বেশি ভাড়া নিলেই বাতিল হবে রুট পারমিট: সড়কমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এক পয়সাও বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। পাশাপাশি ভবিষ্যতে ওই পরিবহনকে রুট পারমিট দেওয়া হবে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, প্রচলিত জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি এক পয়সা বাড়ে। সে হিসাবে লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর যৌক্তিকতা ছিল। তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সেই প্রস্তাবের চেয়ে কম, কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, নির্ধারিত ১৭ পয়সার বেশি কোনোভাবেই ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হবে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়াবে ২ টাকা ৭০ পয়সা।

এর আগে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠক শেষে নতুন ভাড়ার হার জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এদিকে রেল ও নৌপথের ভাড়া বাড়ানো হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হবে।

রেলভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে ট্রেনের ভাড়া যাতে না বাড়ে, সে জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন