আজ ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা
গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত এ বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।
শনিবার (১৬ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কার ও প্রতিস্থাপন কাজের অংশ হিসেবে আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
এ সময় ওইসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের লাইনেও গ্যাস থাকবে না। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশ্বস্ত করেছে। একই সঙ্গে গ্রাহকদের বিকল্প ব্যবস্থা রাখার এবং সংযোগ পুনরায় চালুর সময় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
এসি//