জাতীয়

বেশ দামে কিনলেও সরকার সব ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ায়নি : জ্বালানিমন্ত্রী

বেশি দামে গ্যাস কিনলেও সরকার সব ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ায়নি বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা প্রশ্ন করেন, গ্যাস সংকটের কারণে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। বারবার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। আবার গ্যাস না পেয়েও গ্রাহকদের বিল পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থায় গৃহস্থালিতে গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না?

জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, ‘গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। আজও আমরা সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে অনেক বেশি দামে গ্যাস কিনেছি। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং গৃহস্থালিতে সরবরাহের জন্য আমরা গ্যাস কিনছি। এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।’

বায়োগ্যাসের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করেছে। বায়োগ্যাসের ক্ষেত্রেও বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। বায়োগ্যাস থেকে উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

এলপিজির দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম নির্ধারিত হয়। এখানে সরকারের সরাসরি ভূমিকা নেই।’

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন