আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বৈদ্যুতিক লাইন উন্নয়ন ও গাছের শাখা-প্রশাখা ছাঁটাই কার্যক্রমের কারণে দেশের কয়েকটি এলাকায় শনিবার (১৬ মে) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে কিছু এলাকায় সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাভুক্ত বনপাড়া পৌরসভার কিছু অংশ এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজের অগ্রগতির ভিত্তিতে নির্ধারিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তন করা হবে। এ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বনগ্রাম ফিডারের সোর্স থেকে মোহনপুর আইসোলেটর পর্যন্ত আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকদের অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
এসি//