দেশজুড়ে

ভার্চুয়াল প্রেম থেকে বাংলাদেশে চীনা যুবক, ফিরলেন হতাশ হয়ে

ভাষার অ্যাপে শুরু হয়েছিল সাধারণ পরিচয়। দূর দেশ চীনের এক তরুণ আর পিরোজপুরের প্রত্যন্ত গ্রামের এক কিশোরীর সেই কথোপকথন ধীরে ধীরে রূপ নেয় গভীর সম্পর্কে। ভার্চুয়াল দুনিয়ার সেই ভালোবাসা একসময় এতটাই বাস্তব হয়ে ওঠে যে প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন ৩০ বছর বয়সী যুবক লিয়ন। তবে সব বাধা পেরিয়ে প্রিয় মানুষের কাছে পৌঁছালেও শেষ পর্যন্ত আইনি জটিলতার কারণে শুভপরিণয় ছাড়াই ফিরে যেতে হচ্ছে তাকে।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবার সঙ্গে লিয়নের পরিচয় হয় ভাষা শেখার জনপ্রিয় মোবাইল অ্যাপ ‘হ্যালোটক’-এ। শুরুতে ভাষা বিনিময়ের উদ্দেশ্যে যোগাযোগ হলেও পরে তা নিয়মিত কথোপকথনে গড়ায়। হোয়াটসঅ্যাপে দীর্ঘদিনের আলাপচারিতায় একসময় তাদের সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়।

তুবা জানান, লিয়ন যখন তার বাড়ির ঠিকানা চেয়েছিলেন, তখন তিনি বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। তার ধারণাই ছিল না, সুদূর চীন থেকে সত্যিই একদিন তার খোঁজে বাংলাদেশে চলে আসবেন এই তরুণ। কিন্তু ভালোবাসার টানে সবকিছু সম্ভব করে চলতি মাসের ৮ মে প্রথমে ঢাকায় পৌঁছান লিয়ন।

এরপর বৃহস্পতিবার (১৪ মে) নাজিরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তুবার বাবা ও পরিবারের সদস্যরা তাকে আন্তরিকভাবে গ্রহণ করেন এবং বাড়িতে নিয়ে যান। বিদেশি অতিথিকে ঘিরে মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চীন থেকে আসা এই যুবককে এক নজর দেখতে কাঞ্চন হাওলাদারের বাড়িতে ভিড় করেন শত শত মানুষ।

স্থানীয়দের মধ্যেও এ ঘটনা ব্যাপক কৌতূহল তৈরি করে। কেউ বিস্মিত হয়েছেন ভালোবাসার এমন টানে, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমের সম্পর্কের বাস্তব রূপ দেখে অবাক হয়েছেন।

তুবার বাবা কাঞ্চন হাওলাদার জানান, কয়েকদিন ধরেই লিয়নের সঙ্গে তাদের ফোনে কথা হচ্ছিল। বাড়িতে আসার পর তাকে বাঙালির ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়েছে। তবে তুবার বয়স এখনো বিয়ের আইনি সীমার নিচে থাকায় এই মুহূর্তে বিয়ের কোনো সুযোগ নেই। সে কারণেই লিয়নকে আপাতত ফিরে যেতে হচ্ছে।

বিদায়ের আগে লিয়ন জানান, তিনি তার বন্ধু তুবার জন্যই বাংলাদেশে এসেছিলেন। কিন্তু তুবার বয়স কম হওয়ায় তিনি এখন ফিরে যাচ্ছেন। তবুও এই সম্পর্কের প্রতি তার আস্থা অটুট। তিনি অপেক্ষা করবেন, আর দুই বছর পর তুবার বয়স পূর্ণ হলে আবারও বাংলাদেশে ফিরে আসবেন। তখন তুবা সম্মতি দিলে তাকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চান তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন