দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম
দেশের স্বর্ণবাজারে আবারও দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৬ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
নতুন মূল্যহার অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে সংশোধিত দাম।
এর আগেও একদিন আগে, শুক্রবার (১৫ মে), স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা হ্রাস করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের স্বর্ণের বাজারে মোট ৬৫ বার দামের সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ দফা দাম বেড়েছে, আর ৩০ দফা কমেছে। ঘন ঘন এই মূল্য পরিবর্তনে বাজারে যেমন ক্রেতাদের মধ্যে কৌতূহল বাড়ছে, তেমনি বিনিয়োগকারীরাও নজর রাখছেন স্বর্ণের দামের ওঠানামার দিকে।
এসি//